জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান আগামীকাল সোমবার থেকে কুমিল্লায় শুরু হচ্ছে। তিন দিনব্যাপী ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ওই অনুষ্ঠান হচ্ছে। ইতিমধ্যে কুমিল্লা টাউন হল মাঠে বিশাল মঞ্চসহ পাঁচ হাজার লোকের বসার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ১০৩ জন শিল্পী, কর্মকর্তা ও কলাকুশলী উপস্থিত থাকবেন। এ উপলক্ষে তোরণ, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে পুরো নগর।
কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, সোমবার বিকেল ৪টা ১১ মিনিটে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ। উদ্বোধনী পর্বে নজরুল স্মারক বক্তৃতা দেবেন লেখক শান্তনু কায়সার।