কুমিল্লায় প্রবাসীকে হত্যার দায়ে তিন ব্যক্তির ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লতিব শিকদার গ্রামের প্রবাসী শামসুল হুদাকে (৩৮) হত্যার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা এবং দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার শিউলি এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের শিপন মজুমদার, আটগ্রামের সাহাবুদ্দিন, কুমিল্লা শহরতলির
বউ বাজার এলাকার তাসলিমা সালমা। তাঁদের মধ্যে শিপন পলাতক।
আড়াই লাখ টাকা মুক্তিপণের দাবিতে সিঙ্গাপুরপ্রবাসী শামসুল হুদাকে ২০১৩ সালের ১২ ডিসেম্বর কুমিল্লা হাউজিং এস্টেট এলাকার একটি বাসায় ডেকে এনে গলা কেটে হত্যা করা হয়।
এ ঘটনায় তাঁর বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।
পরে পুলিশ তদন্ত করে মামলায় এই তিন আসামির নাম অন্তর্ভুক্ত করে।
২০১৪ সালের ১০ মে ওই তিনজনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। মামলার ২২ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়।