কুমিল্লায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ট্রাকমালিক হানিফ মিয়া ওরফে শেখ ফরিদ (৪৫) ও ট্রাকচালক শাকির খান (৩৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটিসি পরিবহনের কুমিল্লাগামী যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে।এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ট্রাকমালিক শেখ ফরিদ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় ট্রাকের চালক শাকির খান মারা যান। অন্য আহত ব্যক্তিরা বাসের যাত্রী। আহত ১১ জনকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে সাতজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে ফেনীর সোনাগাজীর মোখলেছুর রহমান (৩৫), কুমিল্লার দেবীদ্বারের আনু মিয়া (৭০), বুড়িচংয়ের পারভিন (২৪) ও রুবিনার (২৬) অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানজট লেগে থাকে।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় পড়া গাড়িগুলো উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।