কুমিল্লায় বিজ্ঞান উৎসবের নিবন্ধন শুরু হচ্ছে আজ
কুমিল্লায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের নাম নিবন্ধন। কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার তৃতীয় থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ আয়োজনের বিভিন্ন পর্বে অংশ নিতে পারবে।
উৎসবে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রাইমারি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র ও নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা সেকেন্ডারি বিভাগে নাম নিবন্ধন করতে পারবে।
তবে বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং সিনিয়র বিভাগে দশম শ্রেণি থেকে এইচএসসি ও পলিটেকনিক চতুর্থ সেমিস্টার ও সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার জন্য নাম নিবন্ধন চলবে ৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল চারটার মধ্যে প্রথম আলোর কুমিল্লা কার্যালয়ে (কাজী অহিদুজ্জামান ম্যানশনের তৃতীয় তলা) গিয়ে নিবন্ধন করতে হবে।
আগামী ৬ আগস্ট কুমিল্লা টাউন হলে দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। এতে দেশের নামকরা বিজ্ঞানী, বিজ্ঞানের জনপ্রিয় শিক্ষক ও লেখকেরা উপস্থিত থাকবেন।