কুমিল্লায় বৌদ্ধ পরিবারের ওপর হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকার একটি বৌদ্ধবাড়িতে হামলা ও ভাঙচুরের পর এবার আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে অগ্নিসংযোগ করা হয়। আগুনে একটি ঘর পুড়ে গেছে।

ওই ঘটনায় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। বাড়িটির নিরাপত্তা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, নগরের ঠাকুরপাড়া বৌদ্ধমন্দিরের পাশে কালিতলায় চিকিৎসক সুগত প্রসাদ বড়ুয়ার বাড়িতে গত রোববার সন্ধ্যা ও রাতে দুই দফা অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় ওই বাড়িতে সুগত প্রসাদ বড়ুয়া, তাঁর স্ত্রী বীণা রানী বড়ুয়া ও পুত্রবধূ ছাড়া কেউ ছিলেন না। দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঘরের ভেতরে ঢুকে হামলা চালিয়ে টেলিভিশন, পানির পাত্র, ঘরের জানালার কাচ ভাঙচুর করে। এ সময় দুর্বৃত্তরা একটি মুঠোফোন নিয়ে যায়। সোমবার দুপুর থেকেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়। 

পুলিশি পাহারার মধ্যেই গতকাল ভোর পাঁচটায় ওই বাড়ির একটি বসতঘরে আগুন দেওয়া হয়। আগুনের শিখা ও পোড়া গন্ধ পেয়ে পাশের ঘরে থাকা চিকিৎসক পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে চিৎকার শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসী গিয়ে আগুন নেভান।

সরেজমিনে দেখা গেছে, বৌদ্ধবাড়ির পূর্ব পাশের আধাপাকা ঘরটি পুড়ে গেছে। এর পাশেই পরিবারটির বসতঘর।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আধাপাকা ওই ঘরে কেউ থাকত না। সেখানে চিকিৎসক সুগত প্রসাদ বড়ুয়া ওষুধ রাখতেন। কে বা কারা আগুন দিয়েছে, তাঁরা তা দেখেননি।

দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি অশোক বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় সুগত প্রসাদ বড়ুয়া দুটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। সুগত প্রসাদ বড়ুয়া বলেন, ‘বসতবাড়ির লাগোয়া আমার পুকুরের সাড়ে ২৩ শতক জমি দখল করার জন্য একটি মহল মরিয়া হয়ে উঠেছে। এ নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এর বাইরে কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।’

 জানতে চাইলে জেলা প্রশাসক গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। জমিসংক্রান্ত ঘটনার জের ধরে ওই হামলা হয়েছে বলে আক্রান্তরা দাবি করছেন। সেখানে পর্যাপ্ত পুলিশ পাঠানো হয়েছে।’