কুমিল্লায় ভেজাল পানীয় জব্দ গ্রেপ্তার ১
কুমিল্লার দেবীদ্বার উপজেলার চাটুলি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার বোতল ভেজাল পানীয় জব্দ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ওই বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, গত রোববার সকালে দেবীদ্বার থানার পুলিশ চাটুলি গ্রামের সফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। পরে সেখান থেকে জুস তৈরির সরঞ্জাম, যৌন উত্তেজক দ্রব্যসহ প্রায় আড়াই হাজার বোতল ভেজাল পানীয় জব্দ করা হয়। এ সময় পুলিশ সফিকুলকে গ্রেপ্তার করে। কিন্তু তাঁর তিনজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ চারজনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ওই সংঘবদ্ধ দল বিএসটিআইয়ের অনুমোদনবিহীন ক্ষতিকারক পানীয় অবৈধভাবে বাজারজাত করে আসছিল।