চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কি না, এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা-নিরীক্ষা করতে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ওই মনোভাবের কথা জানার পর কুমিল্লায় আনন্দ মিছিল হয়।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কুমিল্লায় মিষ্টি বিতরণ করা হয়। সন্ধ্যায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা গণদাবি পরিষদ মিষ্টি বিতরণ করে। এ ছাড়া কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের পক্ষে অভিনন্দন মিছিল বের হয়।
কুমিল্লার রাজনৈতিক নেতারা ও নাগরিক সমাজের অন্তত ১০ জন ব্যক্তি জানান, ৩৫ বছর ধরে কুমিল্লাবাসী বিভিন্ন সরকারের কাছে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। কুমিল্লাবাসীর এ দাবি নিয়ে বর্তমান সরকার পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুকের নেতৃত্বে নগরে আনন্দ মিছিল হয়।
এ ছাড়া বিকেলে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা গণদাবি পরিষদের নেতারা মিষ্টি বিতরণ করেন। এতে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, গণদাবি পরিষদের সদস্যসচিব অশোক বড়ুয়াসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী কুমিল্লা ও নোয়াখালী নিয়ে বিভাগ করার ব্যাপারে মত দেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বিষয়টি নিশ্চিত করেন।