কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসামের কবুতর বাজার এলাকায় ট্রাক্টরের চাপায় হৃদয় মিয়া (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ট্রাকচালকের সহকারী ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই দিন দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (২৫) নামের এক ট্রাকচালক নিহত হন।
পুলিশ জানায়, লাকসামে নিহত হৃদয়ের বাড়ি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায়। লাকসাম পৌর এলাকার কবুতর বাজারে একটি ট্রাক থেকে পণ্য নামাচ্ছিলেন হৃদয়। এ সময় ওই পথ দিয়ে একটি ট্রাক্টর যাচ্ছিল। ওই ট্রাক্টরের চাপায় তিনি নিহত হন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুর সেতুর কাছে চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের চালক নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। নিহত ট্রাকচালকের বাড়ি চট্টগ্রামের গুতপুরের হাসনাবাদ এলাকায়।