কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি নামক এলাকায় সকাল সাতটায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন অটোরিক্সার যাত্রী নিহত হন। পরে অটোরিক্সাটিকে সরানো হচ্ছে। ছবি: এম সাদেক, কুমিল্লা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি নামক এলাকায় সকাল সাতটায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন অটোরিক্সার যাত্রী নিহত হন। পরে অটোরিক্সাটিকে সরানো হচ্ছে। ছবি: এম সাদেক, কুমিল্লা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার ঝাগুড়জুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি মহাসড়ক থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।’

নিহত ব্যক্তিরা হলেন শরিফুল ইসলাম, সাগর ও অজ্ঞাতনামা একজন। এঁদের মধ্যে শরিফ পেশায় ছিলেন প্রকৌশলী। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।

সাগর একটি বাসের চালকের সহকারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। তাঁর বাড়ির ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার থেকে কুমিল্লা সেনানিবাসের দিকে যাচ্ছিল। সকাল সাতটার দিকে উপজেলার ঝাগুড়জুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাহন দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফ ও সাগর নিহত হন। অজ্ঞাতনামা ব্যক্তি মারা যান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।

এসআই এনামুল হক সকালে জানান, শরিফ ও সাগরের লাশ ময়নামতি মহাসড়ক থানায় রাখা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তির লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।