কুমিল্লায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় স্বামী হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আর মাসউদ গতকাল সোমবার দুপুরে এই রায় দেন। রায় ঘোষণার পর আসামি ঊর্মি আক্তারকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান জানান, ২০১১ সালের ২০ জুন রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হারিয়ালা গ্রামের দৌলত মুন্সির ছেলে প্রবাসী সালাউদ্দিন স্ত্রী ঊর্মি আক্তারের সঙ্গে ঘুমাতে যান। রাত সাড়ে নয়টার দিকে ঊর্মি আগুন লেগেছে বলে চিৎকার করলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গিয়ে সালাউদ্দিনকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় ঊর্মি অক্ষত ছিলেন। পরে সালাউদ্দিনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বাড়ির সদস্যরা ঊর্মি আক্তারের কাছে ওই ঘটনার কারণ জানতে চান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ঊর্মি ম্যাংগো জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাইয়েছেন বলে জানান। এরপর গলা চেপে স্বামীকে হত্যা করার বিষয়টিও স্বীকার করেন। ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য তিনি স্বামীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছেন বলে জানান।
এ ঘটনায় সালাউদ্দিনের বড় ভাই জহিরুল ইসলাম ২০১১ সালের ২০ জুন রাতে দাউদকান্দি থানায় ঊর্মি আক্তারকে আসামি করে হত্যা মামলা করেন। ওই দিনই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে উর্মির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বছর ১৭ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন। গতকাল দুপুরে আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তাঁর পরকীয়ার বিষয়টি জেনে যাওয়ায় তিনি স্বামীকে হত্যা করেছেন বলে স্বীকার করেন।