কুমিল্লায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় তিনজনকে হত্যা করার অপরাধে চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কুমিল্লার অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. নবাবুর রহমান গতকাল রোববার এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন দেবীদ্বারের এলাহাবাদ গ্রামের নোয়াব মিয়া, একই উপজেলার হারসার গ্রামের খোরশেদ আলম, মোখলেছুর রহমান ও অহিদুর রহমান। তাঁদের মধ্যে অহিদুর ও খোরশেদ পলাতক আছেন। আদালত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সবাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় নোয়াব ও মোখলেছুর আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০১ সালের ১৯ সেপ্টেম্বর রাতে একদল ডাকাত দেবীদ্বারের হারসার গ্রামের দুলাল চন্দ্র দাসের ঘরে হামলা চালায়। এ সময় ডাকাতদের চিনে ফেলায় তারা দুলাল চন্দ্র দাস, তাঁর মেয়ে আঁখি রানী দাস ও মা চারুবালা দাসকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন চারুবালার ভাইয়ের ছেলে সুনীল চন্দ্র পাল অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা করেন।
রায় দেওয়ার সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। পিপি মোস্তাফিজুর রহমান বলেন, রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।