কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে গতকাল বুধবার সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে
প্রথম আলোসহ অন্য কয়েকটি পত্রিকার প্রায় সাড়ে সাত হাজার কপি পত্রিকায় আগুন ধরিয়ে দিয়েছেন
হরতাল-সমর্থকেরা। এ ছাড়া চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলায় সরবরাহকাজে নিয়োজিত সংবাদপত্র
বহনকারী একটি বাস ফরিদপুরে ভাঙচুর করা হয়েছে।
পত্রিকা বহনকারী মাইক্রোবাসের চালক মো. খোকন জানান, সকাল সাতটার দিকে মাইক্রোবাসটি মনোহরগঞ্জের
কাঁচিরপুল নামক স্থানে পৌঁছালে ২৫-৩০ জনের একদল যুবক লাঠিসোঁটা নিয়ে গাড়ির গতিরোধ করে ব্যাপক
ভাঙচুর চালায়। পরে তারা বাসের ভেতর থাকা বিভিন্ন পত্রিকার বান্ডিলগুলো সড়কের পাশে ছিঁড়ে ফেলে দেয় এবং
কিছু লুটপাট করে নিয়ে যায়। একপর্যায়ে তারা পত্রিকাগুলোতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরিবহনের মালিক মো. মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. জহিরুল আনোয়ার বলেন, এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।
এদিকে, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার সংবাদপত্র বহনকারী একটি বাস ভাঙচুর করেছে পিকেটাররা।
প্রথম আলোসহ কয়েকটি পত্রিকাবাহী গাড়িটি সকাল সাতটায় গোয়ালন্দঘাট থেকে মেহেরপুরে যাওয়ার পথে
ফরিদপুরের কানাইপুরে পিকেটারদের কবলে পড়ে। ফলে এই তিন জেলায় দুই ঘণ্টা দেরিতে গাড়িটি পৌঁছায়।
গাড়ির চালক মুকুল হোসেন জানান, পিকেটাররা লাঠি দিয়ে বেপরোয়াভাবে বাসের সামনের ও পেছনের সব কটি
কাচ ভেঙে ফেলে। এতে তিনি নিজে এবং সুপারভাইজার সোয়েল রানা আহত হন। পিকেটাররা একপর্যায়ে বাসটি
আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করলে শ্রমিকেরা হরতালে আর গাড়ি না চালানোর কথা বলে রক্ষা পান।