কুমিল্লার অলিগলিতে অনুমোদনহীন সাইনবোর্ড, ব্যানার, বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের প্রধান-অপ্রধান সড়ক ও অলিগলি অনুমোদনহীন সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। নগরের সড়কগুলো এখন বিজ্ঞাপনদাতাদের দখলে। এতে নগরের পরিবেশদূষণ হচ্ছে। একই সঙ্গে নগরবাসীর ভোগান্তিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন এ ব্যাপারে কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। নগরের কান্দিরপাড়, বাদুরতলা, ঝাউতলা, পুলিশলাইন, শাসনগাছা, ভিক্টোরিয়া কলেজ রোড, জিলা স্কুল রোড, রাজগঞ্জ ও চকবাজার এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের ওপর সুতা দিয়ে ব্যানার টানানো আছে। সড়কের পাশের প্রায় সব কটি বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন ও সাইনবোর্ড লাগানো হয়েছে। কোথাও কোথাও বিলবোর্ড লাগানো আছে। নগরের কান্দিরপাড়ের বীরচন্দ্র তোরণটি ২০০৯ সালের ১৯ ফেব্রুয়ারি প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ওই তোরণের গায়ে শোভা পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পোস্টার। একই সঙ্গে কোচিং সেন্টারের পোস্টারও শোভা পাচ্ছে। এগুলো সরানোর জন্য কোনো ধরনের উদ্যোগই নিচ্ছে না সিটি করপোরেশন। কুমিল্লা সিটি করপোরেশনের সচিব শামসুল আলম জানান, নগরে সাইনবোর্ড, ফেস্টুন ও ব্যানার লাগাতে গেলে সিটি করপোরেশনকে প্রতি বর্গফুটের জন্য ৫০ টাকা থেকে ৭০ টাকা দিতে হয়। এ ক্ষেত্রে অধিকাংশ বিজ্ঞাপনদাতাই সেসব নিয়মকানুন মানছেন না। কর্তৃপক্ষ বিভিন্ন সময় অভিযান চালিয়ে এসব বিজ্ঞাপন ধ্বংস করে দিচ্ছে। পরে সেগুলো আবার লাগানো হচ্ছে। সুশাসনের জন্য নাগরিক—সুজন, কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, ‘বিজ্ঞাপনের ক্ষেত্রে সিটি করপোরেশনের একটি নীতিমালা থাকা উচিত। নীতিমালা না থাকায় যার যার খুশিমতো সড়কের মাঝখানে ও আশপাশে সাইনবোর্ড ঝোলানো হচ্ছে। এতে জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘কয়েক দিন পর পর আমরা অবৈধ বিজ্ঞাপন ছিঁড়ে ফেলি। নীতিমালা তৈরি হলে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব সংগঠন ও ব্যক্তির উচিত বিষয়টি খেয়াল রাখা।