কুমিল্লার অস্ত্রধারীরা এক সপ্তাহেও ধরা পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্র বহনকারীরা ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ধরা পড়েনি। এ কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকার মানুষ। এদিকে ঘটনার দিন গ্রেপ্তার হওয়া ১৫ জনকে আজ রোববার দুই দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান কবির গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, গত রোববার ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ জনকে আটক করে। পরবর্তী সময়ে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাঁদের আসামি করা হয়। তাঁরা হলেন কুমিল্লার চান্দিনার মো. সুমন, আদর্শ সদর উপজেলার চম্পকনগর গ্রামের মোস্তাফিজুর রহমান, শহরের দক্ষিণ চর্থার হূদয়, রনি, রিপন, আবুল হাসান, মনির হোসেন, ইয়াছিন, পাভেল, জহির; শহরের শুভপুরের রফিকুল ইসলাম, শহরের মুন্সেফবাড়ির কিশোর কুমার দেবনাথ, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আনু মিয়া, নোয়াখালীর রুবেল ও রিপন। তাঁদের আজ রোববার দুই দিনের রিমান্ডে নেওয়া হবে। গত বৃহস্পতিবার তাঁদের কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ রোববার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের কোতোয়ালি মডেল থানায় আনা হবে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির আরও জানান, শহরের দক্ষিণ চর্থা এলাকার গ্রেপ্তার হওয়া মো. রিপন হাসান ওরফে টিটু এবং কালিয়াজুরি এলাকার কায়সার আহমেদের রিমান্ড গতকাল শনিবার শেষ হয়েছে। রিমান্ডে টিটু ঘটনার দিন অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করলেও কায়সার অস্ত্র ব্যবহার করেননি বলে দাবি করেছেন।এদিকে ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রকাশ্যে অস্ত্র বহনকারী কুমিল্লা শহরের বিষ্ণুপুর-কালিয়াজুরি এলাকার আরিফ, বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারের কাজী জামান, চকবাজার বালুধুম এলাকার আরিফ, তালতলা চৌমুহনীর ফরহাদ, পাভেল, দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় এলাকার শহীদ ও নাঈম; বিষ্ণুপুর বাঁশঝাড় মোড়ের নাজিম এবং শহরের দ্বিতীয় মুরাদপুর এলাকার রুবেলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁরা সবাই কুমিল্লা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এসব অস্ত্রবাজেরা গ্রেপ্তার না হওয়ায় লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘অস্ত্রধারীরা গা ঢাকা দেওয়ায় ধরা পড়ছে না। তবে তাদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘রোববারের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে আমরা জোর চেষ্টা চালাচ্ছি। এ ক্ষেত্রে পুলিশের আন্তরিকতার অভাব নেই।’