কুমিল্লার আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লা জেলার ১৬ উপজেলায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৬৬ জন খুন হয়েছে। কয়েক মাস যাবৎ ডাকাতের ভয়ে জেলার বিভিন্ন এলাকায় গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছে। ডাকাতের উপদ্রবের কারণে খোদ সরকারদলীয় সাংসদ আবদুল মতিন খসরু নিজ গ্রামে মতবিনিময় সভা করেন। আইনশৃঙ্খলা কমিটির সভায় গতকাল শনিবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য উপস্থাপন করা হয়।একই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো।গতকাল দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হয়ে মন্ত্রী ওই মন্তব্য করেন। দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ওই সভা হয়। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের সভাপতিত্বে ওই সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাংসদ আলী আশরাফ, আবদুল মতিন খসরু, আ ক ম বাহাউদ্দিন ও নাছিমুল আলম চৌধুরী। আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ও কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনসংখ্যা অনুপাতে কুমিল্লায় আরও থানা ও পুলিশ ফাঁড়ি করতে হবে। এখনকার বর্তমান জনসংখ্যা প্রায় ৫৫ লাখ। এই অবস্থায় নতুন থানা গঠনের উদ্যোগ নেওয়া হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আরও বলেন, হাইওয়ে এলাকার অপরাধের ঘটনায় হাইওয়ে পুলিশ যেন মামলা নিতে পারে, সে জন্য সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি ভালো রয়েছে। কোনোভাবেই র্যাবের কার্যক্রম বন্ধ করা হবে না। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সকাল ১০টায় সদর দক্ষিণ মডেল থানার নতুন ভবনের উদ্বোধন করেন। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন এবং ব্রাহ্মণপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করেন। ওই জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপি-জামায়াত জোট যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়। বিএনপির কাঁধে চড়ে ২০০১ সালে যুদ্ধাপরাধীরা মন্ত্রিত্ব নিয়ে লাল-সবুজের পতাকা উড়িয়েছে। আর যেন কোনো যুদ্ধাপরাধী ওই কাজ করতে না পারে, সে জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ কোনোভাবেই যুদ্ধাপরাধীদের ক্ষমা করবে না। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।