কুমিল্লার উপাচার্য অবরুদ্ধ, শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুল হক ভূঁইয়া
মাহবুবুল হক ভূঁইয়া

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভূঁইয়াকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এদিকে তাঁর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ রোববার বেলা ১১টা থেকে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষকেরা। আর ওই শিক্ষকের ছুটি বাতিল না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

মাহবুবুল হক ভূঁইয়ার পক্ষে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ফ্যাক্স ও ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে আইনি নোটিশটি পাঠান। তিনি প্রথম আলোকে বলেন, ১৭ আগস্ট এক চিঠিতে মাহবুবুলকে এক মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এ ক্ষেত্রে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও বিধান অনুসারে এভাবে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নিয়ম নেই। তাই এ ছুটি প্রত্যাহার চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। যদি উপাচার্য ও রেজিস্ট্রার নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে ব্যর্থ হন, তাহলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপাচার্য মো. আলী আশরাফ অর্থ কমিটির সভা করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ঢুকছিলেন। এ সময় প্রশাসনিক ভবনের নিচতলায় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকেরা তাঁকে বাধা দেন। উপাচার্যপন্থী শিক্ষকদের সঙ্গে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের এ সময় ধাক্কাধাক্কি ও বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উপাচার্য প্রশাসনিক ভবনের বারান্দায় চেয়ার পেতে বসে যান। সন্ধ্যা ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্যকে প্রশাসনিক ভবনের নিচতলায় ঘিরে রেখেছেন শিক্ষক নেতারা।

এদিকে শিক্ষকের ছুটি প্রত্যাহারের দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। তাঁরা উপাচার্যকে এ নিয়ে স্মারকলিপি দিয়েছেন। ফলে আজ বেলা দেড়টার চূড়ান্ত পরীক্ষা অংশ নেননি ওই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘আন্দোলনরত শিক্ষকেরা আমাকে অবরুদ্ধ করে রেখেছেন। বারান্দায় আমি চেয়ার নিয়ে বসে আছি।’

শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে উপাচার্য কোনো ধরনের তদন্ত ছাড়াই মাহবুবুলের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন নজির আর নেই। অবিলম্বে উপাচার্যকে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আইনুল হক বলেন, উপাচার্য নিজে দলাদলি করে একটি পক্ষের নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ব্যক্তিগত আক্রোশের শিকার ওই শিক্ষক। ওই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চলছে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগে মাহবুবুল হক ভূঁইয়াকে এক মাসের ছুটি (২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন...