কুমিল্লার ক্ষতিগ্রস্ত ১৭টি বিদ্যালয় মেরামত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার দেড় মাস পরও কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসামের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারকাজ হয়নি। দশম জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দুর্বৃত্তদের দেওয়া আগুন, বোমা ও ককটেলের বিস্ফোরণে ওই বিদ্যালয়গুলোর অবকাঠামো, বৈদ্যুতিক লাইন ও আসবাবপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
বিদ্যালয়গুলোর আনুমানিক ১০ লাখ ৭৩ হাজার টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে মনোহরগঞ্জের ১১টি বিদ্যালয়ে ছয় লাখ তিন হাজার ও লাকসামের ছয়টি বিদ্যালয়ে চার লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি রাতে মনোহরগঞ্জের সরশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাটরা, বড় চাঁদপুর, ভাউপুর, নিশ্চিন্তপুর, কান্দিরপাড়, ভোগই উত্তর, ভোগই দক্ষিণ, বিনয়ঘর, ফেনুয়া ও কাঁন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
বড় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় ভবনের উত্তর পাশের দরজা ভাঙা। দেয়ালে ও দরজায় পোড়া চিহ্ন। জানালা ভাঙা। ওই ভবনের ক্ষতিগ্রস্ত কক্ষেই চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন সহকারী শিক্ষক রহিমা বেগম। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত কক্ষেই ক্লাস নিতে হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে জন্যই আমরা দুই শ্রেণীর শিক্ষার্থীদের এক কক্ষে বসিয়েছি।’ এ বিদ্যালয়ে ৬০ হাজার টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোগই দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উত্তর পাশের দ্বিতল ভবনের দরজায় বোমার আঘাত। বোমায় ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে পাঁচ জোড়া বেঞ্চ। বিদ্যালয়টিতে মোট ৫০ হাজার টাকার আসবাবপত্র বিনষ্ট হয়। ভোগই উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেঞ্চ, টেবিল ও চেয়ার বিদ্যালয়ের সামনের পুকুরে ফেলে দেওয়া হয়। এ বিদ্যালয়ের ২৬ হাজার টাকার আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলে বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে।
ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধাপাকা ভবনে আগুন দেওয়া হয়। আগুনে ভবনের কাঠের কাঠামো পুড়ে গেছে। দ্বিতীয় তলার বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে এ বিদ্যালয়ে ২৫ হাজার, সরশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ হাজার টাকার ক্ষতি হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তার নথি সূত্রে জানা গেছে, সাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ হাজার, নিশ্চিন্তপুরে এক লাখ ৫০ হাজার, কান্দিরপাড়ে ৭০ হাজার, বিনয়ঘরে ২৫ হাজার, ফেনুয়াতে এক লাখ দুই হাজার ও কাঁন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা অর্জুন কুমার মণ্ডল জানান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের কিছু তহবিল থেকে মেরামতকাজ শুরু হবে। মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করেই আমরা টাকার অঙ্ক বসিয়েছি।’
লাকসামের ছয় বিদ্যালয়ে কোনো বরাদ্দ নেই: উপজেলার ক্ষতিগ্রস্ত ছয় বিদ্যালয়ের জন্য কোনো ধরনের বরাদ্দ নেই। ওই উপজেলার বাতাখালী, কোমারডোগা, ধামৈচা, নূরপুর, চিকোনিয়া ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের আগের দিন রাতে আগুন দেওয়া হয়। এতে বিদ্যালয়গুলোর টেবিল, বেঞ্চ, দরজা, জানালার কাচ, কলাপসিবল গেট, পাইপ, চুনকাম ও বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়।