কুমিল্লার খাদির বাজার ছুটির দিনে জমজমাট
ছুটির দিন শুক্রবারে গতকাল কুমিল্লার খাদির বাজার জমে উঠেছে। গত কদিনের বৃষ্টির পর গতকাল সকালটি ছিল বেশ রৌদ্রময়। ঝলমলে রোদ মাড়িয়ে ক্রেতাদের ভিড় দেখা গেছে নগরের মনোহরপুর খাদির বাজারে। একই অবস্থা টের পাওয়া গেছে নগরের রাজগঞ্জ, কান্দিরপাড় ও লাকসাম সড়কের দোকানগুলোতে। গেলবারের চেয়ে এবার বয়স্কদের ফতুয়া ও মেয়েদের থ্রিপিসের চাহিদা একটু বেশি। আর খাদি পাঞ্জাবির কদর আগের মতোই। দাম অন্যবারের তুলনায় এ বছর একটু বেশিই। আগে একদরের দোকানের সংখ্যা ছিল কম, এবার তা-ও বেড়েছে। সরেজমিনে গতকাল বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত বিভিন্ন দোকান ঘুরে ওই তথ্য পাওয়া গেছে।দোকানিরা জানিয়েছেন, গেলবার খাদির শট পাঞ্জাবি কেনার ধুম পড়েছিল। এবার রং ও বৈচিত্র্যে একটু ঢং আনার কারণে লম্বা পাঞ্জাবির চাহিদা বেশি। এর মধ্যে সাদা রঙের প্রতি দুর্বলতা অনেক ক্রেতার। একই সঙ্গে ফতুয়ার চাহিদাও ব্যাপক। এবার খাদির পাঞ্জাবি বিক্রি হচ্ছে সর্বনিম্ন ২২০ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকায়। আর ফতুয়ার দাম ১৮০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত। তা ছাড়া খাদির থানকাপড়ও বিক্রি হচ্ছে দেদারসে। প্রতি গজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৯০ টাকা পর্যন্ত।এদিকে মেয়েদের শট ফতুয়া ৩০০ থেকে ৮০০, থ্রিপিস ৪৫০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে রং আর ডিজাইন অনুসারে দামের হেরফের রয়েছে। তা ছাড়া ঈদ উপলক্ষে অনেকে বিছানার চাদর ও জানালার পর্দা পরিবর্তন করে থাকেন। এ ক্ষেত্রেও খাদির জুড়ি নেই।তা ছাড়া নগরের লাকসাম সড়কের জোসনা স্টোর, পূর্বাশা খাদি, খাদি নীড়, খাদি নিলয়, মনোহরপুরের আবরণী, প্রসিদ্ধ খাদি ঘরে ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে।খাদি ঘরে কথা হয় শহরের পশ্চিম বাগিচাগাঁও এলাকার বাসিন্দা ফেরদৌস জাহানের সঙ্গে। তিনি বললেন, ‘ঐতিহ্য আর ঈদ সামনে রেখে শ্বশুরের জন্য এবার ফতুয়া কিনেছি। নিজের জন্য থ্রিপিস কিনলাম। দাম গতবারের চেয়ে বেশি।’বিশুদ্ধ খদ্দর ভান্ডারের ক্রেতা কফিল আহমেদ, ফরিদ মিয়া ও মাসুদ মিয়া জানান, ছোটদের ফতুয়া কেনার জন্য এসেছি।কুমিল্লার নারীনেত্রী দিলনাশি মোহসেন বলেন, ঐতিহ্যের কারণে কুমিল্লার খাদির চাহিদা এখনো বিশ্ব জুড়ে সমাদৃত। শুধু ঐতিহ্য নয়, দামের কারণে সব শ্রেণীর মানুষের কাছে এর কদর বেশি। সবাই এ ধরনের পোশাক কিনতে পারে।নগরের মনোহরপুর বিশুদ্ধ খদ্দর ভান্ডারের মালিক প্রদীপ কুমার দত্ত বলেন, ঈদে খাদির পাঞ্জাবি, ফতুয়া ও বিছানার চাদরের কদর বেশি। বিক্রি ভালো হচ্ছে।একই এলাকার খাদি ঘরের কান্তি রাহা বলেন, সারা বছরই খাদির কদর রয়েছে। ঈদ এলে বিকিকিনি ভালো হয়। ঈদকে কেন্দ্র করে ডিজাইনেও পরিবর্তন এসেছে। যুগের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করা হচ্ছে।