কুমিল্লার খাদিশিল্পের উন্নয়নের জন্য ঋণ দেওয়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার খাদির সুনাম দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। পুঁজি ও বিনিয়োগ কমে যাওয়ায় এ শিল্পের দৈন্যদশা চলছে। শ্রমিকেরাও নায্য মজুরি না পেয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। তাই খাদিশিল্পকে টিকিয়ে রাখার জন্য পৃষ্ঠপোষকতা করতে হবে। বাংলাদেশ ব্যাংক এসব সমমনা প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে। গতকাল শনিবার কুমিল্লায় আয়োজিত এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিভিন্ন তফসিলি ও প্রাইভেট ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেলা তিনটায় কুমিল্লা শহরের মনোহরপুর এলাকার সোনালী ব্যাংক ভবনের সম্মেলনকক্ষে ওই মতবিনিময় সভা হয়। সোনালী ব্যাংক লিমিটেড কুমিল্লার মহাব্যবস্থাপক আ ন ম মাসরুরুল হুদা সিরাজীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক এস এম মাসুদ উল আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নির্বাহী সহসভাপতি মো. আবদুর রহমান ব্যানার্জি ও সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এ বি এম শাহ আলম।