কুমিল্লার খাল-নদীতে বেড়া দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার গুংগাইজুড়ি, সোনাইছড়ি, নতুন ডাকাতিয়া, পুরাতন ডাকাতিয়া, কাঁকড়ি নদী ও কার্জন খালে আড়াআড়িভাবে বেড়া (বাঁধ) দিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছেন মৎস্যশিকারিরা। তাঁরা খাল ও নদীতে ভেল জাল ফেলে পানির গতিরোধ করছেন। যে কারণে জেলার বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা দেখা দেওয়ার পাশাপাশি কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে।গত ১০ দিনের টানা বর্ষণে কুমিল্লার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। সেই পানি কোথাও সরতে পারছে না। এর ওপর গ্রামাঞ্চলের সরু খালগুলো বেদখল হয়ে সেখানে দোকানপাট গড়ে উঠেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।দক্ষিণ কুমিল্লা বন্যা দূরীকরণ কমিটির সভাপতি মোস্তফা হোসেন ও সাধারণ সম্পাদক কাজী নূর আহাম্মদ জানান, কুমিল্লার আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম ও বরুড়া উপজেলার বিভিন্ন খাল ও নদীতে মাছের জন্য বারা দিয়ে বাঁধ দেওয়া ও ভেল জাল ফেলে রাখা হয়েছে। জরুরি ভিত্তিতে এগুলো উচ্ছেদ করা দরকার। এ কারণে বীজতলা ও আমন ধান পানিতে ডুবে গেছে।সরেজমিনে বরুড়ার কার্জন খালের শশইয়া, শাকপুর, নরিন্দ্রপুর, মুগগাঁও, ভাউকসার ও আড্ডা এলাকায় ভেল জাল ফেলে রাখতে দেখা গেছে। তা ছাড়া ডাকাতিয়া নদীতে বাঁশ দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। অনেক স্থানে কচুরিপানা ও বাঁধের জটলা লেগে পানি উপচে বাড়ি-ঘরে ঢুকে গেছে। ফলে মানুষের ফসলসহ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে।কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান গতকাল বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘নদী ও খালের স্বাভাবিক পানিপ্রবাহে যাঁরা অনিয়মতান্ত্রিকভাবে বাধা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাছের জন্য মানুষের কৃষিজমি ও বাড়ি-ঘর জলাবদ্ধ রাখা কোনোভাবেই ঠিক নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’