কুমিল্লার চাঁপাপুর কালীরবাজার সড়কের বেহাল দশা
কুমিল্লার চাঁপাপুর-কালীরবাজার সড়কে তৈরি হয়েছে ছোট-বড় অনেক গর্তের। অনেক জায়গায় রাস্তার কার্পেটিং উঠে গেছে। এসব কারণে সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।২০০৮ সালে টমছমব্রিজ থেকে চাঁপাপুর পর্যন্ত সড়ক সংস্কার করা হলেও আড়াই বছরের মধ্যে সড়কের কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও ইট-সুরকি বেরিয়ে রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছে।সরেজমিনে গতকাল সোমবার সড়কটি ঘুরে দেখা যায়, টমছমব্রিজের আঞ্জুমানে মফিদুল ইসলাম কার্যালয়ের সামনে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) প্রবেশের মুখেও রয়েছে বড় বড় গর্ত। বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিদার সমিতির সামনেও দেখা গেছে বড় গর্ত। আদর্শ সদর উপজেলা কমপ্লেক্স থেকে মেডিকেল কলেজ পর্যন্ত ৩০টির মতো বড় ধরনের গর্ত রয়েছে।সড়কের এ বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁরা বলেন, শিগগিরই সড়ক মেরামত করা না হলে তাঁরা সড়ক অবরোধ করবেন।ভুক্তভোগীরা জানান, সড়কে দিনের পর দিন বৃষ্টির পানি জমে থাকে। এতে সড়কে ছোট-বড় শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তায় গর্তের কারণে এ সড়ক দিয়ে যাতায়াতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, চাঁপাপুর থেকে কালীরবাজার পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার সড়কের সংস্কারের জন্য গত ১৫ দিন আগে ঢাকায় সওজ কার্যালয়ে আবেদন করা হয়েছে। সড়কটি মেরামতের জন্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকার প্রাক্কলিত ব্যয় ধরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি বলেন, সড়কটির এখন খারাপ অবস্থা। গতকাল সোমবার সরকারি ছুটির দিনেও তাঁরা কাজ করেছেন। খোয়া দিয়ে কিছু গর্ত পূরণ করা হয়েছে। বৃষ্টির মধ্যে এভাবে জোড়াতালি দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। তবুও তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে এ সড়কের যাচ্ছেতাই অবস্থা। গুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কারের প্রস্তাব অনুমোদিত হলে দরপত্র আহ্বান করা হবে।