কুমিল্লার চার পৌরসভায় আ.লীগের ১৬ প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা, নাঙ্গলকোট, লাকসাম ও চৌদ্দগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের একক মেয়র পদপ্রার্থী ঘোষণা করা হলেও বিদ্রোহীরা গণসংযোগ ও প্রচারণায় তৎপর রয়েছেন। চার পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মোট ১৬ জন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন।দলীয় সূত্রে জানা গেছে, চান্দিনা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত একক মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তপন চন্দ্র বকসী। উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে তাঁকে সমর্থন দেয়। তার পরও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের ভূঁইয়া, বর্তমান ওয়ার্ড কমিশনার ও পৌর আওয়ামী লীগের সদস্য মো. আবদুল জলিল, চান্দিনা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোখলেছুর রহমান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম প্রচারণা চালাচ্ছেন। এ পৌরসভায় আওয়ামী লীগের একক প্রার্থীসহ মোট ছয়জন গণসংযোগ করছেন।নাঙ্গলকোটে আওয়ামী লীগের একক মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামছুউদ্দিন ওরফে কালুকে। এখানে আওয়ামী লীগের তিন মেয়র প্রার্থী মাঠে রয়েছেন। তাঁরা হলেন নাঙ্গলকোট পৌর জামায়াতের সাবেক আমির ও বর্তমানে আওয়ামী লীগের নেতা এ কে এম মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের সাবেক সহসভাপতি (ভিপি) মো. হুমায়ন কবীর, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক মজুমদার। লাকসাম পৌরসভায় আওয়ামী লীগের একক মেয়র পদপ্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে হিরা। কিন্তু এই পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইউনুস ভূঁইয়া ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম গণসংযোগ করছেন।চৌদ্দগ্রামে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান। এ পৌরসভায় প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন পাটোয়ারী ও পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমান ভূঁইয়া।কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ মো. মুজিবুল হক বলেন, ‘দল একক প্রার্থী ঘোষণা করেছে। এর পরও যাঁরা মাঠে রয়েছেন, আমরা তাঁদের অনুরোধ করেছি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য। তবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করব।’আগামী ১৮ জানুয়ারি কুমিল্লার সাতটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চান্দিনা, নাঙ্গলকোট, লাকসাম ও চৌদ্দগ্রামে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও দাউদকান্দি, হোমনা ও বরুড়ায় একক প্রার্থী রয়েছেন।