কুমিল্লার চার পৌরসভায় বিএনপির নয়জন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় মেয়র পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল্লা মজুমদারকে দলীয় একক প্রার্থী ঘোষণা করেছেন উপজেলা বিএনপির বর্তমান সভাপতি মো. মোবাশ্বের আলম ভূঁইয়া। একই পৌরসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া মেয়র প্রার্থী দিয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি এ কে এম নূরুল আফছারকে। এ অবস্থায় নাঙ্গলকোটে বিএনপির নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।শুধু নাঙ্গলকোট নয়, কুমিল্লার হোমনা, লাকসাম ও চৌদ্দগ্রামে বিএনপির একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। এ অবস্থায় কোন্দলে জর্জরিত বিএনপির পদপ্রার্থীদের সঙ্গে মাঠে নেই জামায়াত। ফলে আওয়ামী লীগের প্রার্থীরা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে ভোটাররা মনে করছেন।হোমনা পৌরসভায় বিএনপির একক প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে। তিনি স্থানীয় সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মনোনীত প্রার্থী। অন্যদিকে হোমনা উপজেলা পরিষদের বিএনপিদলীয় চেয়ারম্যান মো. জহিরুল হক তাঁর বড় ভাই উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. হারুন মিয়াকে প্রার্থী দিয়েছেন। এ পৌরসভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. হানিফ মিয়া মেয়র পদে প্রার্থী হয়েছেন। লাকসাম পৌরসভায় সাবেক সাংসদ আনোয়ারুল আজিমসহ উপজেলা বিএনপি ও পৌর কমিটির নেতারা উপজেলা বিএনপির সদস্য সুভাষ বণিককে বিএনপির একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহমান।চৌদ্দগ্রাম পৌরসভায় উপজেলা যুবদলের সভাপতি গোলাম মুহম্মদ রাব্বানী একক প্রার্থী। বিদ্রোহী প্রার্থী হলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক গাজী আবু বকর সিদ্দিকী।এ প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির আবদুস সাত্তার বলেন, ‘চৌদ্দগ্রামে জামায়াতের অবস্থান ভালো থাকা সত্ত্বেও আমরা সমন্বয় করে বিএনপিকে মেয়র পদ দিয়েছি। লাকসামে আমরা ছাড় দেব না। এখানে বিএনপিও প্রার্থী দিয়েছে। আমরাও দিয়েছি। অন্যান্য পৌরসভায় ইচ্ছে থাকা সত্ত্বেও মেয়র পদে প্রার্থী দিইনি।’কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সব জায়গায়ই আমরা দলীয় একক প্রার্থী নির্ধারণ করে দিয়েছি। এর মধ্যে চৌদ্দগ্রামের গাজী আবু বকর সিদ্দিকী এমনিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর প্রার্থিতা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। নাঙ্গলকোটে বিএনপির দুই প্রার্থী সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। লাকসামে বিএনপির বিদ্রোহী প্রার্থী মূল ধারার বাইরে।’হোমনায় বিএনপির একাধিক প্রার্থী প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ এম কে আনোয়ার বলেন, ‘বিএনপির প্রার্থী একজনই। যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের সঙ্গে এখন আর বিএনপির কোনো সম্পর্ক নেই। এমনকি কমিটিতেও তাঁরা নেই।’ অন্যদিকে দাউদকান্দি, চান্দিনা ও বরুড়ায় বিএনপির একক প্রার্থী ছাড়া আর কোনো দলীয় নেতা-কর্মী মেয়র পদে প্রার্থী হননি। ফলে সেখানে বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন।