কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৬
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। আহত হয়েছেন অন্তত আট ব্যক্তি।
আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার জগন্নাথ দিঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় হতাহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ।
ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, যাত্রীবাহী বাসটি খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডারির দরবার শরিফে যাচ্ছিল। জগন্নাথ দিঘি এলাকায় বাসটি সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ ব্যক্তি নিহত হন। গুরুতর আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আরেক ব্যক্তি।