কুমিল্লার ছয়টি উপজেলায় নির্বাচিত ১২ জনই নতুন
কুমিল্লার ছয় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে ১২ জনই নতুন মুখ। এর মধ্যে নাঙ্গলকোট, বুড়িচং ও তিতাস উপজেলায় নির্বাচিত সবাই নতুন। হোমনায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণপাড়ায় ভাইস চেয়ারম্যান নতুন মুখ। তবে চৌদ্দগ্রামে বিজয়ী হয়েছেন পুরোনোরা। গত শনিবার গভীর রাতে ওই উপজেলাগুলোতে ফল ঘোষণা হয়।
ছয় উপজেলায় নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন জয়লাভ করেন। জামায়াতে ইসলামীর দুজন ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন।
হোমনায় চেয়ারম্যান পদে মো. আজিজুর রহমান মোল্লা, ভাইস চেয়ারম্যান পদে মাজেদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেফালী বেগম বিজয়ী হয়েছেন।
তিতাস উপজেলায় চেয়ারম্যান পদে মো. সালাউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা জয়লাভ করেন। বুড়িচং উপজেলায় এ টি এম মিজানুর রহমান চেয়ারম্যান, মো. সাইফুল ইসলাম ভাইস চেয়ারম্যান ও ফারহানা জেসমিন মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন।
ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে মো. জাহাঙ্গীর খান চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা হক নির্বাচিত হন।
কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় সব কটি পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। চৌদ্দগ্রামে চেয়ারম্যান হয়েছেন আবদুস ছোবহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম হাজারী ও মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার। নাঙ্গলকোটে চেয়ারম্যান হয়েছেন মো. সামছুদ্দিন ওরফে কালু, ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের দুই-তৃতীয়াংশ নতুন মুখ।