কুমিল্লার ছয়টি বিদ্যালয়ে বাঁধভাঙা উল্লাস
পরীক্ষার ফল ঘোষণা হবে বেলা দুইটায়। এর আগে সকাল থেকেই বিদ্যালয়ে জড়ো হন ফলপ্রত্যাশী শিক্ষার্থী ও অভিভাবকেরা। নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফল ঘোষণা করেন। শুরু হয় শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস।
গতকাল বুধবার কুমিল্লা নগরের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল পেয়ে বাদ্যযন্ত্রের তালে ও ঢোল বাজিয়ে জয়োত্সব করে। অনেকেই কোলাকুলি করে। ওই ছয় প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিতেই এবার পাসের হার শতভাগ, একটিতে ৯৯ দশমিক ৮৩ শতাংশ।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘নামকরা প্রতিষ্ঠানগুলোতে দক্ষ শিক্ষক, অভিভাবকদের নজরদারি থাকার কারণে কাঙ্ক্ষিত ফল হয়েছে। নগরের ছয়টি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিতে পাসের হার শতভাগ। একটিতে একটু খারাপ হয়েছে।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক বলেন, এবারের পরীক্ষায় নগরের তিনটি সরকারি ও তিনটি বেসরকারি প্রতিষ্ঠান ভালো ফল করেছে। এর মধ্যে কুমিল্লা জিলা স্কুল থেকে ৩৫২ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৮৮ জন। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৩৪২ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন। কোটবাড়ীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে ১৭১ জন পরীক্ষা দিয়ে ৪৭ জন জিপিএ-৫ পেয়েছে। আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুল থেকে ৭৯ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ থেকে ৮৬ জন পরীক্ষা দিয়ে ৪৫ জন জিপিএ-৫ পেয়েছে। এই পাঁচ প্রতিষ্ঠানে সবাই পাস করেছে। কুমিল্লা মডার্ন হাইস্কুল থেকে ১ হাজার ১৬১ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ১৫৯ জন। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৫১৬ জন।
কুমিল্লা জিলা স্কুলের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সাইয়িদ মাহমুদ তাহসিন ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইলমা শাহরি বলে, ‘বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের ঐকান্তিক চেষ্টায় আমাদের ভালো ফল হয়েছে। আমরা সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে খুশি হয়েছি।’
কুমিল্লা নগরের আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরি শিখা বলেন, ‘২০০১ সালে এসএসসি পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালুর পর ২০০৩ ছাড়া গত ১৫ বছরই বোর্ডে আমরা শতভাগ পাসের ধারা অব্যাহত রেখেছি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় এ ধারাবাহিকতা অক্ষুণ্ন রয়েছে।’