কুমিল্লার তিন উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে মাধ্যমিক পর্যায়ের কোনো সরকারি বিদ্যালয় নেই। সরকারি কলেজ রয়েছে মাত্র একটি। ফলে এ তিন উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এই তিন উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ১২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি বাদে সব কটিই বেসরকারি। একটি মাত্র সরকারি প্রতিষ্ঠান হলো লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ।লাকসাম পৌর শহরের সাতবাড়িয়া গ্রামের আবুল খায়ের বলেন, সরকারি স্কুল-কলেজ না থাকায় একশ্রেণীর সুবিধাভোগী শহরের আবাসিক এলাকাগুলোতে বাড়িভাড়া নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বিশেষ করে লাকসাম হাউজিং এস্টেটে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ফি বেশি হওয়ায় শুধু বিত্তশালী ব্যক্তিরাই তাদের সন্তানদের পড়ানোর সুযোগ পাচ্ছেন। লাকসাম স্টামফোর্ড বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান বলেন, তাঁরা চলতি বছর নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে জনপ্রতি দুই হাজার ২০০ টাকা নিয়েছেন। তাদের মাসিক বেতন ৮০০ টাকা। প্রতি মাসে কোচিং ফি এক হাজার টাকা।লাকসাম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মোল্লা বলেন, ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে লাকসাম অত্যন্ত সমৃদ্ধিশালী। অথচ এখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ফলে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।লাকসামের নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালাহ উদ্দিন মর্তুজা বলেন, তিন উপজেলায় আর কোনো সরকারি কলেজ না থাকায় এখানে ভর্তির সময় শিক্ষকদের হিমশিম খেতে হয়। পর্যাপ্ত আসন না থাকায় অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারেন না। ফলে তাদের অতিরিক্ত অর্থ দিয়ে বেসরকারি কলেজে ভর্তি হতে হয়।কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ সরকার বলেন, এই তিন উপজেলায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাংসদ মো. তাজুল ইসলাম বলেন, এই দুই উপজেলায় সরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ব্যাপারে তিনি চেষ্টা চালাচ্ছেন।