কুমিল্লার তিন সাংসদের দুঃখ ও ক্ষোভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা কমিটির সদস্য না করা, ফুলেল শুভেচ্ছা না জানানো এবং বিভিন্ন কর্মসূচিতে আমন্ত্রণ না করায় কুমিল্লার ক্ষমতাসীন দলের তিন সাংসদ ক্ষোভ প্রকাশ করেছেন। এই তিন সাংসদ হলেন আ ক ম বাহাউদ্দিন, আ হ ম মোস্তফা কামাল এবং জোবেদা খাতুন (সংরক্ষিত আসনের সাংসদ)।গত শুক্রবার রাতে শহরের রামঘাটে দলীয় কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলা সভায় উপস্থিত নেতা-কর্মীদের সূত্রে এ তথ্য জানা গেছে।সভায় কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দল ক্ষমতায় এসেছে ১৮ মাস আগে। এখন পর্যন্ত আমাকে জেলা কমিটির সদস্য করা হয়নি। কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি; এমনকি দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছি। এত সব দায়িত্ব পালন করার পর সাংসদ নির্বাচিত হয়েও জেলা কমিটিতে জায়গা হয়নি।’সাংসদ মোস্তফা কামাল আক্ষেপ করে বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পরও কুমিল্লা জেলা আওয়ামী লীগ আমাকে ফুল দিয়ে অভিনন্দন জানায়নি।’সাংসদ জোবেদা খাতুন বলেন, ‘কুমিল্লায় বিভিন্ন সময়ে মন্ত্রীর কর্মসূচিসহ সরকারি কার্যক্রমে আমাকে দাওয়াত দেওয়া হয় না। এটা দুঃখজনক।’সভায় বিভিন্ন বক্তা দলের ভেতরে স্বাধীনতাবিরোধীরা ঢুকে পড়েছে বলে মন্তব্য করেন। সভায় দল এমপিনির্ভর হয়ে গেছে বলে কোনো কোনো বক্তা মন্তব্য করেন।সভাপতির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তফা কামাল বলেন, ‘স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে জেলা আওয়ামী লীগের সদস্য করা হবে। এর জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠানো হবে। মহিলা সাংসদের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘আপনি নিজেই জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। যেকোনো কর্মসূচি আপনি দিলে আমরা সেখানে শরিক হব।’উল্লেখ্য, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচন করায় আ ক ম বাহাউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০০৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন। এরপর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৫৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হলেও তাঁকে সদস্যপদ দেওয়া হয়নি।