কুমিল্লার ধর্মপুর ও দৌলতপুর সড়কের সংস্কারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ধর্মপুর-দৌলতপুর সড়কের সাময়িক সংস্কারকাজ শুরু হয়েছে। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সরকারি দলের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের উদ্যোগে ওই কাজ গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ ধর্মপুর এলাকার এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দৌলতপুর এলাকার সংস্কারকাজ করছে। দুপুর ১২টায় সাংসদ আ ক ম বাহাউদ্দিন ওই সড়ক পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমির উদ্দিন খান, সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার মিজানুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ আল মাহমুদ ও কুমিল্লা রেলওয়ে উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম।এদিকে কুমিল্লার ধর্মপুর রেলস্টেশন সড়কের এক হাজার ১০০ মিটারের সংস্কার ও উন্নয়ন করবে সিটি করপোরেশন। একই সঙ্গে সড়কের পাশে নালা করা এবং স্ল্যাব বসানো হবে। ২০১৩-১৪ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে মিউনিসিপ্যাল গভর্ন্যান্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) অধীনে এ কাজ করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা। আগামী মাসের শেষের দিকে ওই সড়কের দরপত্র আহ্বান করা হবে।কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘সড়কটি জেলা পরিষদের হলেও সিটি করপোরেশনের মধ্যে অবস্থিত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ ওই সড়কের এখন বেহাল দশা। নগরবাসীর ভোগান্তি দূর করার জন্য সিটি করপোরেশন সড়কের উন্নয়নকাজ করবে।’১৭ জুন প্রথম আলোর বিশাল বাংলার ৪ নম্বর পৃষ্ঠায় (সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা) ‘কুমিল্লার দৌলতপুর-ধর্মপুর সড়কের অবস্থা বেহাল’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।