কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্রবাজি করা নয়জন অস্ত্রবাজ এখনো গ্রেপ্তার হয়নি। ঘটনার পর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ তাদের ব্যবহূত অস্ত্রও উদ্ধার করতে পারেনি।পুলিশ সূত্র জানায়, কুমিল্লা শহরের বিষ্ণুপুর-কালিয়াজুরি এলাকার আরিফ, বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারের কাজী জামান, চকবাজার বালুধুম এলাকার আরিফ, তালতলা চৌমুহনীর ফরহাদ ও পাভেল, দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় এলাকার শহীদ ও নাঈম, বিষ্ণুপুর বাঁশঝাড় মোড়ের নাজিম এবং শহরের দ্বিতীয় মুরাদপুর এলাকার রুবেল ওই দিনের অস্ত্রবাজির সঙ্গে জড়িত। কিন্তু পত্রিকায় ছবি ছাপা হওয়ার পর তাঁরা কুমিল্লা ছেড়ে যান।এদিকে গত ২২ ও ২৪ নভেম্বর দুই অস্ত্রবাজ মো. রিপন হাসান ওরফে টিটু ও কায়সার আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত তাঁদের জামিন দেন। উল্লেখ্য, ১০ অক্টোবর শহরের কান্দিরপাড় এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে ওই নয়জন অস্ত্রধারী প্রকাশ্যে গুলিবর্ষণ করেন। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আবু মো. শাহজাহান কবির গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রধারীদের গ্রেপ্তারে আমরা জোর চেষ্টা চালাচ্ছি। একই সঙ্গে অস্ত্র উদ্ধারের চেষ্টাও চলছে।’তবে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী বলেন, পুলিশ চাইলে অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে পারে।কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘১০ অক্টোবরের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। আমরা তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’