কুমিল্লার বিএনপি নেতাদের সঙ্গে খালেদার বৈঠক
কুমিল্লা জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রাত সোয়া নয়টা থেকে ১১টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক চলে। বৈঠকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কুমিল্লা জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরী বলেন, ‘ম্যাডাম আমাদের কাছ থেকে কুমিল্লার পরিস্থিতি জানতে চেয়েছেন। আমরা দলীয় অবস্থান এবং সেখানকার রাজনৈতিক অবস্থা সম্পর্কে তাঁকে জানিয়েছি।’ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পর এ বিষয়ে দল সিদ্ধান্ত জানাবে। বৈঠকে উপস্থিত দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের একই কথা বলেন।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লার সাবেক পৌর মেয়র মনিরুল হক ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।