কুমিল্লার মহাসড়কে গরুর হাট বসালেই ব্যবস্থা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপরে পশুর হাট বসাতে দেওয়া হবে না। মহাসড়কের কুমিল্লা জেলার ১০০ কিলোমিটার অংশে গরুর বাজার বসালেই ব্যবস্থা নেবে জেলা ও হাইওয়ে পুলিশ।
দুর্গাপূজা ও ঈদুল আজহা একসঙ্গে হওয়ায় এবার মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকবে। এ পরিস্থিতিতে মহাসড়কে যানজট নিরসনের জন্য ৩৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লার আঞ্চলিক মহাসড়কগুলোতে যানজট নিরসন এবং ডাকাতি, চাঁদাবাজি, বাজার বসানো ও কম গতির যানবাহন চলাচল ঠেকাতে পুলিশ নজরদারি করবে। দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলঘর থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত যান চলাচল নির্বিঘ্ন করতে পুলিশ মাঠে থাকবে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, মহাসড়ক থেকে ৫০০ মিটার দূরে গরুর হাট বসাতে হবে। অতীতে মহাসড়কের নিমসার, চান্দিনা, মিয়ারবাজার ও লাকসামে বাজার বসানো ও দুর্ঘটনার কারণে যানজট হয়েছে। এসব অব্যবস্থাপনা দূর করতে মহাসড়কে এবার ৩৫০ জন পুলিশ কাজ করবেন।
পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, কোরবানির পশু বহনকারী যানবাহন যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সে জন্য হাইওয়ে পুলিশ ছদ্মবেশেও কাজ করবে। চার লেনের কাজ হওয়ার কারণে মহাসড়কের বিভিন্ন এলাকায় ভাঙাচোরা রয়েছে। এগুলো সড়ক ও জনপথ বিভাগকে ঈদুল আজহার আগে ঠিক করতে হবে। কুমিল্লা জেলার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম উপজেলার মোহাম্মদ আলী এলাকা পর্যন্ত কোনো দুর্ঘটনা হলে দ্রুত যানবাহন সরানোর জন্য পাঁচটি রেকার থাকবে। দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, চান্দিনা, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রামে রেকার রাখা হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘গত ঈদে মহাসড়কে ভোগান্তি কম ছিল। এবারও যেন তা সহনীয় পর্যায়ে থাকে, সে জন্য মহাসড়কের আশপাশের উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করবে। ’
চৌদ্দগ্রাম অংশে মহাসড়ক উঁচু-নিচু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার থেকে মোহাম্মদ আলী পর্যন্ত মহাসড়ক উঁচু-নিচু হয়ে গেছে। অনেক জায়গায় মহাসড়ক দেবে গেছে। ভারী যানবাহন চলাচলের কারণে ওই অবস্থা হয়েছে বলে সওজ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।