কুমিল্লার যমুনা ব্যাংকে তিন তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ব্যাংক কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোশারফ হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করতে কুমিল্লায় এসেছে তিনটি তদন্ত দল। আজ রোববার সকালে দল তিনটি নগরের টমছমব্রিজ এলাকায় যমুনা ব্যাংকের শাখায় আসে। এ সময় তদন্ত দলের সামনে ব্যাংকের কয়েকজন গ্রাহক তাঁদের টাকা আত্মসাতের অভিযোগ তুলে ধরেন। 

যমুনা ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মো. বদিউল আলম, নিরীক্ষা শাখার কর্মকর্তা মাইনউদ্দিন ও মানি লন্ডারিং শাখার কর্মকর্তা শামসুল আলম দল তিনটির নেতৃত্বে রয়েছেন।
এদিকে রোববার সকাল ১০টার আগেই যমুনা ব্যাংকের আমানতকারীরা তাঁদের হিসাব নম্বরে টাকা আছে কি না, তা দেখার জন্য ব্যাংকে ভিড় করেন। এ সময় কয়েকজন গ্রাহক ও আমানতকারী তাঁদের হিসাব থেকে টাকা খোয়া গেছে বলে তদন্ত দলকে অবহিত করেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৯ জানুয়ারি মোশারফ হোসেন যমুনা ব্যাংক কুমিল্লা শাখায় যোগদান করেন। যোগদানের পর তিনি ওই ব্যাংকের বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা ধার নেওয়ার নামে সই করা খালি চেক নেন। একই সঙ্গে জালিয়াতির মাধ্যমে বিভিন্ন গ্রাহকের হিসাব থেকে টাকা তুলে নেন। এর মধ্যে নগরের হালুয়াপাড়া এলাকার দেলোয়ারা বেগমের ১৯ লাখ ৮০ হাজার টাকা, বরুড়ার আড্ডা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মীর হারুনুর রশীদের আট লাখ টাকা, বাগমারা এলাকার হাফেজ নজরুল ইসলামের নয় লাখ টাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম খানের ৬ লাখ ৯ হাজার টাকা তুলে নেন বলে অভিযোগ রয়েছে মোশারফের বিরুদ্ধে।
ওই ব্যাংকের অন্তত ২০ জন গ্রাহকের কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগও রয়েছে মোশারফ হোসেনের বিরুদ্ধে। তাঁদের একজন ঠিকাদার আবুল হোসেন। তিনি অভিযোগ করেন, ‘আমার অ্যাকাউন্টে টাকা আছে কি না দেখতে এসেছি। সপ্তাহ খানেক আগে আমার কাছে চার লাখ টাকা ধার চেয়েছিলেন। আমি না করে দিয়েছিলাম। আগেও আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। সেগুলো ফেরত দেননি।’
যমুনা ব্যাংক কুমিল্লায় শাখায় ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আসাদুল হক বলেন, ‘ম্যানেজার স্যার চেক দিয়ে বলতেন টাকা এনে রাখো। আমরা চেকের বিপরীতে টাকা দিতাম। ওনার নির্দেশনা অনুযায়ী চেক ফরোয়ার্ড করতাম।’
যমুনা ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. বদিউল আলম বলেন, ‘প্রধান কার্যালয় গত বুধবারই তাঁকে প্রত্যাহার করেছে। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করার জন্য চট্টগ্রাম আঞ্চলিক দপ্তর থেকে আমরা তিনজন; প্রধান কার্যালয় থেকে নিরীক্ষা শাখার তিনজন ও মানি লন্ডারিং শাখার দুজন কর্মকর্তা তদন্ত করছেন। গ্রাহকদের আমানত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যাঁদের টাকা খোয়া গেছে, তাঁদের অবশ্যই টাকা ফেরত দেওয়া হবে। তদন্ত সাপেক্ষে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মোশারফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গত শুক্রবার রাতে থানায় মামলা করেছেন ওই ব্যাংকের গ্রাহক দেলোয়ারা বেগম। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।