কুমিল্লার শালবন বৌদ্ধবিহারে কমে গেছে পর্যটক
অবরোধ-হরতালের কারণে শীতের এই ভরা মৌসুমে কুমিল্লার কোটবাড়ির ময়নামতি জাদুঘর লাগোয়া প্রত্নসম্পদ শালবন বৌদ্ধবিহারে পর্যটক কমে গেছে। গত ৫ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মাত্র ১৩ হাজার ৫০০ জন দেশি-বিদেশি পর্যটক ওই বিহার দেখতে আসেন। হরতাল-অবরোধে পর্যটক কম আসায় এখান থেকে সরকারের রাজস্ব আয় কমে গেছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লার কাস্টোডিয়ান আহমেদ আবদুল্লাহ বলেন, ৫ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ১৩ হাজার ৫০০ জন পর্যটক শালবন বৌদ্ধবিহার দেখতে আসেন। এর মধ্যে দেশি পর্যটক ১১ হাজার ৬৯৪ জন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১ হাজার ৭৫১ জন, বিদেশি পর্যটক ৩১ জন ও সার্কভুক্ত দেশের ২৪ জন। এঁদের কাছ থেকে টিকিট বিক্রি বাবদ ২ লাখ ৫১ হাজার ২৩৫ টাকা রাজস্ব আয় হয়েছে। অথচ হরতাল-অবরোধ না থাকলে এ সময়ে পাঁচ গুণ বেশি টাকা আয় হতো। পর্যটক কম থাকার কারণে সরকার পর্যাপ্ত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে গত বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে, টিকিট কাউন্টার ফাঁকা। বিহারের ৩৭ একর জায়গার মধ্যে কোনো পর্যটকের দেখা মেলেনি। প্রহরীরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন।
একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অষ্টম শতকে নির্মিত শালবন বৌদ্ধবিহারের অপরূপ সৌন্দর্য দেখতে সকাল থেকেই পর্যটকেরা ভিড় করতেন। গত ২০ দিনে উপস্থিতি অন্যান্য বারের তুলনায় একেবারেই কমে গেছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক মো. মিজানুর রহমান বলেন, অবরোধ ও হরতালের কারণে দূরদূরান্ত থেকে কেউ আসছেন না। এতে বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।