কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওই এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটাররা। সেখানকার ৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৪টিকে ঝুঁকিপূর্ণ মনে করছে উপজেলা প্রশাসন।নির্বাচনী এলাকা ঘুরে গতকাল সোমবার এ তথ্য জানা গেছে।সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, ১১ অক্টোবর উপজেলার বাগমারা উত্তর ও দক্ষিণ, ভুলইন উত্তর ও দক্ষিণ এবং বেলঘর উত্তর ও দক্ষিণ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নগুলোর ৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টিকে অতি গুরুত্বপূর্ণ (চরম ঝুঁকিপূর্ণ), ১০টিকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ২১টিকে সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ভোটকেন্দ্রে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৯০ জন সদস্য থাকবেন। একই সঙ্গে কেন্দ্রগুলোয় পর্যাপ্তসংখ্যক ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন করা হবে।এ ছাড়া প্রশাসন এবার ২৪টি ভোটকেন্দ্রে কড়া নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করবে। এগুলো হলো: দুতিয়ারপুর, কেশনপাড়া, দত্তপুর, রায়পুর, পাইকপাড়া, জয়নগর, আশকামতা, মহেশপুর, কাতালিয়া, বড় চলুণ্ডা, পূর্ব চলুণ্ডা, আমুয়া, ভুলইন, গোসাই, পরতী, বেলঘর, তুলাতলী, ভুশ্চি, চৌদ্দদানা, গৈয়ারভাঙ্গা, পালপাড়া, কালরা, চাউলভান্ডার ও বাজশা কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল টিমও কাজ করবে।ভোটাররা জানিয়েছেন, সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও গত ইউপি নির্বাচনে এ কেন্দ্রগুলোয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা আধিপত্য বিস্তার করেছেন। এ জন্য তাঁরা শান্তিতে ভোট দেওয়ার নিশ্চয়তার দাবি জানিয়েছেন।এদিকে ভুলইন দক্ষিণ ইউনিয়নের গোলাচৌ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট নিয়োগসহ পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর দাবি জানিয়ে চারটি গ্রামের ভোটাররা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। গোলাচৌ, উত্তর নিশ্চিন্তপুর, মধ্য নিশ্চিন্তপুর ও মস্তফাপুর গ্রামের ভোটাররা গত বুধবার এ আবেদন করেন। এতে তাঁরা উল্লেখ করেন, ওই ভোটকেন্দ্রে অতীতের সব নির্বাচনে কেন্দ্র দখলসহ বোমা বিস্ফোরণ ও ককটেল নিক্ষেপ করা হয়।এদিকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আ হ ম মুস্তফা কামাল ও তাঁর ভাই সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার বাগমারা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছেন দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আবুল কাশেমকে। আবুল কাশেম আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের সমর্থন পেয়ে প্রার্থী হয়েছেন। ওই ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থন না পেয়ে বিদ্রোহী চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোতালেব হোসেন। আওয়ামী লীগের দুজন নেতা একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় সংঘর্ষের আশঙ্কা করছেন ভোটাররা। এদিকে বিএনপি-সমর্থিত গরুর গাড়ি প্রতীকের প্রার্থী জাকির হোসেন সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।বাগমারা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের মজুমদার। একই ইউনিয়নে আওয়ামী লীগের একাংশের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন দেয়ালঘড়ি প্রতীকের মাহবুবুর রহমান মজুমদার। ওই ইউনিয়নে বিএনপি-সমর্থিত তালা প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রথম আলোকে জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের সহিংসতা ও গাফিলতি সহ্য করা হবে না। নির্বাচন হবে প্রভাবমুক্ত।