কুমিল্লার সাগর হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার
কুমিল্লার কলেজছাত্র সাগর দত্ত হত্যা মামলার প্রধান আসামি সোহাগ উদ্দিন রানা গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কুমিল্লার রেসকোর্স এলাকায় একটি মেসে গলা কেটে হত্যা করা হয় সাগর দত্তকে। গত বুধবার সকালে ওই ঘটনা ঘটে। ওই দিন মেসে সজীব সাহা নামের আরেকজন গুলিবিদ্ধ হন।
হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার নিহত সাগর দত্তের বাবা শংকর দত্ত বাদী হয়ে হত্যা মামলা করেন। অন্যদিকে, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জসিম আল মামুন অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। দুটি মামলায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়। তবে পুলিশ মামলার আসামিদের নাম গতকাল জানায়নি।
আজ শনিবার সকালে কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১২টায় রাজধানীর কমলাপুর এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুর সাড়ে ১২টা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ নিয়ে বিস্তারিত বলা হবে বলে জানান ওসি।