কুমিল্লার সেই অস্ত্রবাজ কাজি নেহাল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী কাজি নেহালকে (৩৮) গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছরের অক্টোবরে কুমিল্লা শহরে যুবদলের সম্মেলনে অস্ত্রবাজি ও অস্ত্র সরবরাহের অভিযোগে তিনটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা পৌনে তিনটার দিকে শহরের বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে কাজি নেহালকে গ্রেপ্তার করা হয়।নেহালের বিরুদ্ধে যুবদলের সম্মেলনে অস্ত্রবাজির অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইন, পুলিশের ওপর হামলা ও দ্রুত বিচার আইনে তিনটি মামলা রয়েছে বলে জানান শাহজাহান কবির।এদিকে ক্ষমতাসীন দলের একটি অংশ কাজি নেহালকে ছাড়ানোর জন্য ইতিমধ্যে প্রশাসনকে চাপ দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পরিদর্শক শাহজাহান কবির এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে শিগগিরই অস্ত্র উদ্ধারসহ তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, কাজি নেহাল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।২০১০ সালের ১০ অক্টোবর কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় টাউন হল মাঠে যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে অস্ত্রবাজির ঘটনা ঘটে। ওই সময় মুখোশ পরে একদল সন্ত্রাসী অস্ত্রবাজি করে।