কুমিল্লার সেই অস্ত্রবাজ জেমি গ্রেপ্তার
কুমিল্লায় যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় পুলিশের মামলার আসামি শহীদুল হক ওরফে জেমিকে গতকাল শনিবার শহরের বিষ্ণুপুর পানির ট্যাংক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশের তদন্ত পরিদর্শক সৈয়দ আবু মো. শাহজাহান কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে জেমিকে গ্রেপ্তার করা হয়। সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, ১০ অক্টোবর যুবদলের সম্মেলনস্থলে জেমি অস্ত্র ব্যবহার করেছিল। পুলিশকে সে জানিয়েছে, শহরের মুনসেফ কোয়ার্টারের কাজী জামান তাকে অস্ত্র দিয়েছিল। তিনি জানান, রোববার (আজ) জেমিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা জেমির ব্যবহার করা অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ গত ১০ অক্টোবর যুবদলের সম্মেলনে অস্ত্রবাজির ঘটনায় পুলিশ ৪১ জনের বিরুদ্ধে দুটি মামলা করে। এ পর্যন্ত জেমিসহ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।