কুমিল্লার সেই অস্ত্রবাজদের দুজন রিমান্ডে
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে অস্ত্রবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরিফুজ্জামান ভূঁইয়া ওরফে ঢাকাইয়া তুহিন (৩৩) ও মো. সাব্বির আহমেদ ওরফে নাঈমকে (৩০) গতকাল বুধবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানা সূত্র এ কথা জানায়।পুলিশ জানায়, গত সোমবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া খাঁ পাড়ার অদূরে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় মো. শাহজালাল নামের এক ওষুধ বিক্রেতার কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় আরিফুজ্জামান ও সাব্বিরসহ তিন ছিনতাইকারী। ওই ঘটনায় মো. শাহজালাল সোমবারই কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। গতকাল বুধবার তাদের ওই মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। পুলিশ আরিফুজ্জামান ও সাব্বিরকে চিহ্নিত করে। তারা পুলিশের কাছে যুবদলের সম্মেলনে অস্ত্রবাজির কথা স্বীকার করে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, আজ বৃহস্পতিবার ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার রিমান্ড শেষ হবে। এরপর অস্ত্রবাজির ঘটনায় করা মামলায় তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।গত ১০ অক্টোবর কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্রবাজি ও বোমাবাজির ঘটনায় চার পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। ওই ঘটনায় পুলিশ দ্রুত বিচার আইনে একটি ও বিস্ফোরকদ্রব্য আইনে আরেকটি মামলা করে।