কুমিল্লার সেই ফসলি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধের নির্দেশ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর নিশ্চিন্তপুর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ইটভাটা এলাকায় মাটি সরবরাহও বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে প্রশাসন। ইউএনও মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘সোমবার ভুলুইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব আলীকে ডেকে এনে ওই ইটভাটা বন্ধ করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। বর্তমানে সেখানে মাটি আনার কাজ বন্ধ রয়েছে। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অনুমোদন না নিয়েই ওই ইটভাটার কাজ শুরু হয়েছিল।’জানতে চাইলে ভুলুইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব আলী বলেন, ‘ইউএনও কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আমরা সে ব্যবস্থাই করব।’গতকাল সোমবার প্রথম আলোর বিশাল বাংলার ৪ নম্বর পাতায় ‘কুমিল্লায় ফসলি জমি ও জনবসতি এলাকায় তৈরি হচ্ছে ইটভাটা’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন ওই ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।