কুমিল্লার সেই শিক্ষার্থীর জামিন বাতিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি প্রথম বর্ষের ছাত্র মো. আবু সাঈদ আদেলের অন্তর্বর্তীকালীর জামিন বাতিল করেছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে কুমিল্লার জেলা ও দায়রা জজ এ আর মাসউদ ওই আদেশ বাতিল করেন। এরপর তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গতকাল রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম ফারুক। অন্য দিকে আসামিপক্ষে জামিনের দাবি জানান, সৈয়দ আবদুল্লাহ পিন্টু। দুই পক্ষের যুক্তিতর্কের পর আদালত জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মো. আবু সাঈদ আদেল চলতি বছরের ৩০ এপ্রিল কুমিল্লা শহরের কান্দিরপাড় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের মধ্যে হিযবুত তাহ্রীরের লিফলেট বিতরণকালে পুলিশের হাতে গ্রেপ্তার হন। ওই সময় পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করে। পরবর্তী সময়ে চলতি বছরের ১৫ জুলাই আদালত তাঁকে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ নিয়ে কুমিল্লাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, তাঁকে ছাত্রলীগের কর্মী এবং আওয়ামী লীগ-পরিবারের রাজনৈতিক সদস্য দাবি করে বরুড়া পৌরসভার মেয়র বাহাদুরুজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ চারিত্রিক সনদও দেয়। এ নিয়ে প্রথম আলোসহ একাধিক পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটিতে আলোচনা হয়। আদেলের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রামে। গতকাল জামিনের শেষ দিনে তাঁকে আদালতে হাজির করা হয়।