কুমিল্লার ১২টি অংশে ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর পুলিশ ফাঁড়ি পর্যন্ত ৪০ কিলোমিটার অংশের অন্তত ১২টি স্থানের অবস্থা খারাপ। এসব স্থানে কোথাও সড়ক দেবে গেছে, আবার কোথাও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের এই অংশ সরু (সংকীর্ণ) হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই মহাসড়ক দিয়ে কুমিল্লা থেকে সিলেটগামী বাস চলাচল করে। এ ছাড়া এটি দিয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় জাফলংয়ের পাথর নেওয়া হয়। এই মহাসড়ক দিয়ে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুরের বাস সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহে যাতায়াত করে। গুরুত্ব অনুযায়ী সড়ক স্থায়ীভাবে মেরামত করা হচ্ছে না। ঈদুল আজহার আগে বৃষ্টি হলে এই সড়ক দিয়ে যান চলাচল কঠিন হয়ে পড়বে। ওই মহাসড়কের বিভিন্ন বাহনের চালকদের সঙ্গে কথা বলে এমন আশঙ্কার কথা জানা গেছে।
গত বৃহস্পতিবার সকাল নয়টায় সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকার ক্যান্ট. মার্কেটের সামনে সড়ক দেবে গেছে। সেখানে খানাখন্দের মধ্যে কিছু ইটের টুকরা ফেলা হয়েছে। একই এলাকার কে হোসেন রেস্টুরেন্টের সামনে পিচঢালাই উঠে গেছে। বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সাবের বাজার এলাকায় কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে। দেবপুর পুলিশ ফাঁড়ির সামনে সড়কে ফাটল সৃষ্টি হয়েছে। দেবীদ্বার উপজেলার চরবাকর ও ভিরাল্লা এলাকায় সড়ক এবড়োখেবড়ো। ওই এলাকার অন্তত ৫০০ ফুট এলাকায় সড়ক উঁচু-নিচু। এখান দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। এ ছাড়া দক্ষিণ হামলাবাড়ি এলাকায় সড়ক দেবে উঁচু-নিচু হয়ে আছে। মহাসড়কের সবচেয়ে খারাপ অংশ পান্নারপুল ও ভিংলাবাড়ি এলাকায়। সেখানে সড়কের পিচঢালাই একবারেই উঠে গেছে। বৃহস্পতিবার সকালে ওই অংশে সিলেটের জাফলং থেকে আসা পাথরবাহী একটি ট্রাক বিকল হয়ে যায়। এটি সড়কের পূর্ব পাশে পড়ে আছে। দেবীদ্বারের ইস্টগ্রাম এলাকায়ও সড়কের অবস্থাও ভালো নয়। ব্রাহ্মণপাড়ার মাধবপুর জামে মসজিদের সামনে এবং মিরপুর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সামনে গর্ত রয়েছে।
কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের ডিগ্রি (পাস কোর্স) প্রথম বর্ষের শিক্ষার্থী মাহমুদা আক্তার বলেন, সড়কের অবস্থা খুবই খারাপ। তাই প্রতিদিন ঝুঁকি নিয়েই কোম্পানীগঞ্জ থেকে বড়শালঘর এলাকায় যেতে হয়।
ভিংলাবাড়ি এলাকায় কথা হয় সিএনজিচালিত অটোরিকশাচালক জসিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ভিংলাবাড়ি ও পান্নারপুল এলাকা দিয়ে বহু কষ্টে পার হতে হয়। এই মহাসড়কের প্রস্থ বাড়ানো না হলে ভোগান্তি থাকবেই।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা শাখার সভাপতি এ বি এম আতিকুর রহমান বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প হিসেবে এই মহাসড়ক নিকট অতীতেও ব্যবহার করা হয়েছে। এর প্রস্থ ১৮ ফুট। তবে প্রতিদিন অনেক যানবাহন চলাচল করে বলে প্রস্থ আরও বাড়ানো দরকার।’
সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মহাসড়কের কয়েকটি এলাকায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এখন আমরা ছোট আকারের গর্তগুলো ভরাট করছি। পরে বড় আকারের গর্ত ভরাট করা হবে। ছয় মাস আগে এই মহাসড়কে আংশিক কাজ হয়েছে। এবার প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মহাসড়কে পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। ঈদের আগেই খানাখন্দ সৃষ্টি হওয়া অংশ সংস্কার করা হবে।’