কুমিল্লার ১৫ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা

বেসরকারি সংস্থা এইড কুমিল্লা এবং দিশার উদ্যোগে গতকাল সোমবার কুমিল্লার ১৫ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নারী মুক্তিযোদ্ধারা সরকারের কাছে মাসিক ভাতা দাবি করেছেন।
গতকাল দুপুরে কুমিল্লা শহরতলির রঘুপুর এলাকায় এইড কুমিল্লার কার্যালয়ে ওই অনুষ্ঠান হয়। এতে সম্মাননা পাওয়া নারী মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে ২০ হাজার টাকা, ক্রেস্ট, চাদর, শাড়ি ও উত্তরীয় দেওয়া হয়। জেলা প্রশাসক তাঁদের হাতে এসব সম্মাননা তুলে দেন।
নারী মুক্তিযোদ্ধারা হলেন আদর্শ সদর উপজেলার পশ্চিম আনন্দপুর গ্রামের মমতাজ বেগম, সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর গ্রামের ফুলবানু, বরুড়া উপজেলার আড্ডা গ্রামের মঞ্জুমা বেগম, চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের তাজিয়া খাতুন, নাঙ্গলকোট উপজেলার মোগরা গ্রামের আফিয়া বেগম, তিতাস উপজেলার কেশবপুর গ্রামের শাহীনুর বেগম, ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের আলেয়া বেগম, বুড়িচং উপজেলার সিন্দুরিয়া পাড়া গ্রামের হাজেরা বেগম, দাউদকান্দি উপজেলার ভাগলপুরের মকিনা বেগম, লাকসাম উপজেলার পাইকপাড়া গ্রামের ফাতেমা বেগম ও নশরতপুর গ্রামের নূরবানু, মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের বেলা রানী দাস, চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর গ্রামের আফিয়া খাতুন ও নোয়াপাড়া গ্রামের স্বরূপা বেগম এবং দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মাজেদা খাতুন।
সম্মাননা নিতে আসা তাজিয়া খাতুনের বয়স ৯০ ছুঁই ছুঁই। বয়সের ভারে নুয়ে পড়ছেন। লাঠিতে ভর দিয়ে কোনো রকমে হাঁটাচলা করেন। ছেলে আবদুল খালেক (৬৫) ও নাতি আমির হোসেনকে (২৯) নিয়ে এসেছেন সম্মাননা নিতে। অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের মতো তাঁদেরও মাসিক ভাতা দেওয়া হোক।
তাজিয়া খাতুনের কথার সঙ্গে সায় দেন সম্মাননা নিতে আসা মাজেদা খাতুনও (৬৮)। এ সময় নূরবানু বলেন, ‘খুব সুন্দরভাবে আমাদের সম্মানিত করা হয়েছে। আমরা এখন ভাতা চাই।’
সম্মাননা দেওয়া উপলক্ষে এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম। তিনি বলেন, নারী মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসনও কাজ করছে। এই ১৫ জনের মধ্যে চারজনের নামে ইতিমধ্যে গেজেট হয়েছে। বাকি ১১ জনের নামও প্রক্রিয়াধীন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আদর্শ সদরের ইউএনও মো. সামসুজ্জামান, লেখক শান্তিরঞ্জন ভৌমিক, মুক্তিযোদ্ধা ও ইতিহাসবিদ গোলাম ফারুক, সচেতন নাগরিক কমিটির সাবেক জেলা সভাপতি শাহ আলমগীর খান প্রমুখ।