কুমিল্লার ১৬ থানায় ৪৭৩ জন সন্ত্রাসী
কুমিল্লার ১৬ থানায় ৪৭৩ জন সন্ত্রাসী রয়েছে। তাদের মধ্যে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, জবরদখল, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রবাজির অভিযোগসহ থানায় একাধিক মামলা রয়েছে।তবে ওই তালিকায় সরকারদলীয় অনেক সন্ত্রাসীর নাম নেই। সাংসদ ও রাজনৈতিক দলের আনুকূল্য পেতে কোনো কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রকৃত সন্ত্রাসীদের তালিকা জেলা পুলিশের কাছে জমা দেননি বলে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।গত ৩১ অক্টোবর কুমিল্লা পুলিশ সুপারের দপ্তর থেকে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল পুলিশ সুপারের (রাজনৈতিক) কাছে ওই তালিকা পাঠানো হয়েছে।পুলিশের কয়েকজন সদস্য অভিযোগ করেন, কুমিল্লার বরুড়া উপজেলা ছাত্রলীগের এক বিতর্কিত নেতা ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বাসিন্দা ‘অ’ আদ্যক্ষরের এক সন্ত্রাসীর নাম তালিকায় না থাকায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে সব সময়ই জেলার শীর্ষ সন্ত্রাসীদের নামের তালিকা থাকে। এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। এটা ঠিক, ক্ষমতাসীন দল থাকলে তাদের অনেকেরই নাম সন্ত্রাসীর তালিকায় থাকে না। সব সরকারের আমলেই এমনটা হয়ে থাকে। তবে দাগী ব্যক্তিদের নাম বাদ পড়ে না।