কুমিল্লার ২১টি স্থান দুর্ঘটনাপ্রবণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার ১০২ কিলোমিটার এলাকার ২১টি স্থানে গত ছয় মাসে অন্তত ৭৬টি দুর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা দপ্তর সূত্রে জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর, শহীদনগর, বারপাড়া, আমিরাবাদ, জিংলাতলি, রায়পুর; চান্দিনা উপজেলার নুরীতলা কবরস্থান, হাঁড়িখোলা, ছয়ঘড়িয়া, কাঠেরপুল, বড়গোবিন্দপুর; বুড়িচং উপজেলার নিমসার, কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ এলাকা; আদর্শ সদর উপজেলার জাগুরঝুলি; সদর দক্ষিণ উপজেলার বেলতলী, মাটিয়ারা, পুরাতন থানার সামনে, কমলাপুর, ঈসা গার্ডেন ফিলিং স্টেশন এবং চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার সেতু-সংলগ্ন ফুড প্যালেস ও আমজাদের বাজার ফিলিং স্টেশন এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের নথিপত্র ঘেঁটে দেখা গেছে, গত ১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মহাসড়কের এ অংশে ২১টি দুর্ঘটনা ঘটে। এতে ২১ জন পুরুষ, তিনজন নারী ও পাঁচজন শিশু মারা যান। জুলাই মাসে ৩৫টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৩০ জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু মারা যায়।
পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের কুমিল্লার পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সড়কে বাঁক, বেপরোয়া গতিতে অন্য গাড়ি অতিক্রম করার (ওভারটেকিং) প্রবণতা, চলাচলের অনুপযোগী (ফিটনেসবিহীন) গাড়ি, তিন চাকার যানবাহন, মহাসড়কের ভাঙাচোরা অংশ এবং চালক ও পথচারীদের অসচেতনতা দুর্ঘটনার কারণ।