কুমিল্লার ৩১২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার ১৬ উপজেলার ৩১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। একই সঙ্গে তিন উপজেলার শিক্ষা কর্মকর্তা ও ৪১টি সহকারী শিক্ষা কর্মকর্তার পদও খালি। এ অবস্থার মধ্য দিয়ে জেলার আট লাখ ৫২ হাজার ২৬৭ জন শিক্ষার্থীর পাঠদান চলছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় এক হাজার ৩৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে ৩১২টি প্রধান শিক্ষকের পদ শূন্য। চৌদ্দগ্রাম উপজেলার ১১৪টি বিদ্যালয়ের মধ্যে ৪৬টিতে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া তিতাসে ৫২টির মধ্যে ২৩টিতে, বরুড়ায় ৯৭টির মধ্যে ৩২টি, দাউদকান্দিতে ১০০টির মধ্যে ৩২টি, দেবীদ্বারে ১২০টির মধ্যে ২৪টি, মনোহরগঞ্জে ৬৮টির মধ্যে ২২টি, লাকসামে ৫৭টির মধ্যে ১৬টি, মুরাদনগরে ১৪৯টির মধ্যে ২৮টি, বুড়িচংয়ে ৭৩টির মধ্যে ১৭টি, ব্রাহ্মণপাড়ায় ৫৩টির মধ্যে ১২টি, হোমনায় ৬২টির মধ্যে ১২টি, মেঘনায় ৪২টির মধ্যে ১৫টি, চান্দিনায় ৮৬টির মধ্যে নয়টি, নাঙ্গলকোটে ৭৮টির মধ্যে ১৪টি, আদর্শ সদর উপজেলায় ৯২টির মধ্যে পাঁচটি এবং সদর দক্ষিণ উপজেলায় ৯০টির মধ্যে পাঁচটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে।এদিকে জেলার ১৬ উপজেলার মধ্যে তিনটি উপজেলায় শিক্ষা কর্মকর্তার পদ শূন্য। ২০১১ সালের অক্টোবর থেকে মনোহরগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে খালি হয়েছে লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলার শিক্ষা কর্মকর্তার পদ। সহকারী শিক্ষা কর্মকর্তার ৯১টি পদের মধ্যে ৪১টিই শূন্য।নাম প্রকাশে অনিচ্ছুক চৌদ্দগ্রাম ও বরুড়া উপজেলার একাধিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দাবি করছেন, প্রধান শিক্ষক না থাকার কারণে বিদ্যালয়ের কিছু সহকারী শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে উদাসীন। অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়গুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।জানতে চাইলে তিতাস উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহানা আফরোজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিতাসে প্রায় অর্ধেক বিদ্যালয়েই প্রধান শিক্ষকের পদ খালি। ওই উপজেলায় প্রধান শিক্ষকের পদ খালি থাকলেও সহকারী শিক্ষক দিয়ে বিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন করে নিয়োগ দিলেই ওই পদ পূরণ করা হবে।এ প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সাজেদা সুলতানা তাঁর দপ্তরে এ প্রতিবেদককে বলেন, ‘১২ অক্টোবর প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষা হয়েছে। ওই পরীক্ষার ফল প্রকাশিত হলে শূন্যপদগুলো পূরণ করা হবে। শূন্যপদগুলোতে নতুন করে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ প্রার্থীদেরও পদোন্নতি হবে। তখন ওই সংকট কেটে যাবে। সহকারী শিক্ষা কর্মকর্তার প্রায় অর্ধেক পদ শূন্য থাকায় আমাদের প্রত্যেকেরই কাজের চাপ রয়েছে।’সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, প্রতিষ্ঠানের প্রধানের পদ খালি থাকলে ওই বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাপনায় ছন্দপতন হয়। দ্রুত পদগুলো পূরণ করতে হবে।