ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার ৪০ কিলোমিটার এলাকায় ২৩ ঘণ্টার অসহনীয় যানজটে পড়ে নাকাল হয়েছে হাজার হাজার যাত্রী। যানজটের কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মহাসড়ক স্থবির হয়ে পড়ে। দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে সদর দক্ষিণ উপজেলার বেলতলী পর্যন্ত ৪০ কিলোমিটার পথজুড়ে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, লরি ও ব্যক্তিগত বিভিন্ন বাহনকে মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মহাসড়ক পুলিশ, বাসচালক ও যাত্রী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকে থাকা বিভিন্ন কৃষি সরঞ্জাম মহাসড়কের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। একই সময় চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুই দুর্ঘটনার কারণে মুহূর্তের মধ্যে মহাসড়কের বিভিন্ন এলাকায় গাড়ির জটলা বেঁধে যায়। বৃহস্পতিবার রাত থেকে মহাসড়কে এক প্রকার যান চলাচল বন্ধই হয়ে যায়। মহাসড়ক পুলিশ কিছুক্ষণ সীমিত লোকবল নিয়ে যান চলাচলের উপযোগী করার চেষ্টা চালায়। কিন্তু গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট তীব্র আকার ধারণ করে। কনকনে ঠান্ডায় পণ্যবাহী ট্রাক ও লরির চালকেরা মহাসড়কে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েন। বুড়িচং উপজেলার নিমসার, কোরপাই, চান্দিনা, নূরীতলা ও মাধাইয়া এলাকায় গিয়ে দেখা গেছে, ট্রাক, লরি ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি। সবজিবাহী নছিমন, করিমন ও ইজিবাইকগুলো ফুটপাত দখল করে এলোপাতাড়িভাবে দাঁড়িয়ে আছে। চান্দিনার নূরীতলা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী পণ্যবাহী একটি ট্রাকের চালক মোবারক হোসেনকে ঘুম থেকে জাগালে তিনি বলেন, ‘সারা রাত মহাসড়কেই কাটিয়েছি। ঠান্ডার কারণে ঘুমিয়ে পড়লাম।’ অ্যাসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন ও কুমিল্লার অর্ধশতাব্দীর পুরোনো সাপ্তাহিক পত্রিকা আমোদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক বাকীন রাব্বী জানান, কুমিল্লা থেকে ভোর ছয়টায় মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তাঁরা। বেলা ১১টায় চান্দিনার মাধাইয়ায় পৌঁছান। ৪০ মিনিটের ওই পথ পাড়ি দিতে তাঁদের সময় লাগে পাঁচ ঘণ্টা। একপর্যায়ে তাঁরা যাত্রা বাতিল করে মহাসড়কের পাশের অলিগলি ব্যবহার করে কুমিল্লায় ফিরে আসেন। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বলেন, মহাসড়কে ছোটখাটো দুটি দুর্ঘটনা ঘটায় গাড়ির জটলা বেড়ে যায়। একপর্যায়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে। ময়নামতির আমতলী মহাসড়ক থানার সার্জেন্ট নুরুল ইসলাম বলেন, ‘আমরা যানজট নিরসনের জন্য দিনভর চেষ্টা করেছি। গাড়ির চাপ থাকায় রাস্তা পরিষ্কার করতে সময় লেগেছে।’ পূর্বাঞ্চল মহাসড়ক পুলিশের এসপি মো. রেজাউল করিম গতকাল শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, মহাসড়কের নিমসার এলাকায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এবং আরও দু-একটি জায়গায় যানবাহন বিকল হওয়ার কারণে গাড়ির স্রোত নামে। এতে করে যানজট তীব্র আকার ধারণ করে। তার ওপর দুর্ঘটনাকবলিত ট্রাকের মালামাল সরাতে সময় লাগে। অনেক জায়গায় চালক গাড়িতে ঘুমিয়ে থাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে।