কুমিল্লার ৫৮ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ১৫ উপজেলার ৫৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। দীর্ঘদিন ধরে ওই পদগুলো শূন্য থাকায় বিদ্যালয় ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিয়োগ-প্রক্রিয়া নিয়ে জটিলতা ও যোগ্য লোকের অভাব থাকায় প্রধান শিক্ষকের সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে।

কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ রওনক বিন রহিম জানান, জেলার ১৬ উপজেলায় ৫৯৮টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মেঘনা উপজেলা ছাড়া অন্য ১৫টি উপজেলায় ৫৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। দেবীদ্বারে আটটি; চৌদ্দগ্রামে সাতটি; আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলায় ছয়টি করে; হোমনায় পাঁচটি, নাঙ্গলকোট, বরুড়া ও বুড়িচংয়ে চারটি করে; দাউদকান্দি, চান্দিনা ও মুরাদনগরে তিনটি করে; ব্রাহ্মণপাড়ায় দুটি; লাকসাম, মনোহরগঞ্জ ও তিতাসে একটি করে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ সরকার বলেন, অবসরে যাওয়া, আইনি জটিলতা ও দক্ষ শিক্ষক না পাওয়ায় প্রধান শিক্ষকের পদগুলো শূন্য পড়ে আছে। শিগগিরই শূন্যপদ পূরণ হচ্ছে। এর কিছু কিছু জায়গায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।