কুমিল্লার ৮৫টি স্থানে আনসার মোতায়েন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার ৯৭ কিলোমিটার এলাকার ৮৫টি স্থানে ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে তাঁদের মোতায়েন করা হয়।
সোমবার দিবাগত গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমায় সাতজন নিহত ও ২৮ জন আহত হওয়ার পর প্রশাসন ওই বাহিনীকে মাঠে নামায়। এদিকে মহাসড়ক লাগোয়া ১১৪টি ফিলিং স্টেশন ও পেট্রলপাম্পে ছয়জন করে আনসার নেওয়ার জন্য সংশ্লিষ্ট মালিকদের অনুরোধ করেছে প্রশাসন।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সভা হয়।
জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, মহাসড়ক ও এর লাগোয়া ফিলিং স্টেশন ও পেট্রলপাম্পে আনসার নিয়োগ করা দরকার। ইতিমধ্যে মহাসড়কের ৮৫টি স্থানে আনসার নামানো হয়েছে। এখন মালিকদেরও নিজ উদ্যোগে আনসার রাখতে হবে।