কুমিল্লাসহ সীমান্তবর্তী তিন জেলায় সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যে ম্যালেরিয়া মহামারি আকারে দেখা দিয়েছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে সীমান্তবর্তী তিন জেলা কুমিল্লা, হবিগঞ্জ ও ফেনীতে জরুরি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ম্যালেরিয়া রোগীর সংখ্যা নির্ণয়ের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেলা সিভিল সার্জনদের চিঠি দেওয়া হয়েছে। গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক বেনজির আহমেদ তিন জেলার সিভিল সার্জনদের ওই চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে জেলা স্বাস্থ্য বিভাগ মাঠকর্মীদের দিয়ে সীমান্তবর্তী পাঁচ উপজেলার ইউনিয়নগুলোতে জরিপকাজ চালিয়ে যাচ্ছে। কুমিল্লার সিভিল সার্জন মো. মুজিবুর রহমান গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়, ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই, ধামাই, গোমতী, দক্ষিণ ও উত্তর ত্রিপুরা জেলায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ওই জেলাগুলোর সীমান্তবর্তী বাংলাদেশের গ্রামগুলোও ম্যালেরিয়ার ঝুঁকিতে আছে। এ অবস্থায় কুমিল্লা, হবিগঞ্জ ও ফেনীর ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী গ্রামগুলো চিহ্নিত করে গত এক সপ্তাহে জ্বরের রোগীর সংখ্যা নিরূপণসহ তাদের ম্যালেরিয়া রোগ শনাক্তকরণ ও প্রতিরোধের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মুজিবুর রহমান বলেন, ‘কুমিল্লার ১২৫ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় এখনো কোনো ম্যালেরিয়া রোগীর সন্ধান মেলেনি। মাঠকর্মীরা কাঁপুনি দিয়ে জ্বর আসা রোগীদের রক্ত পরীক্ষা করেছেন। গত মাসে চৌদ্দগ্রামের সীমান্তবর্তী এলাকায় ১৩ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে কারও শরীরে ম্যালেরিয়ার লক্ষণ মেলেনি।